বিএনপি নেতা মীর নাসির ও তার ছেলেকে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতি মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছর ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ সোমবার। ১৫৯ পৃষ্ঠার এ রায়ে পিতা-পুত্রকে তিনমাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ গতবছর ১৯ নভেম্বর সংক্ষিপ্ত রায় দেন। এ অবস্থায় সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশি হলো।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় দুদক মামলা করে। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেয়।

এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।

হাইকোর্টের এ রায় বাতিল চেয়ে দুদক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করে। আপিল বিভাগ ২০১৪ সালের ৩ জুলাই এক রায়ে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টেই বিচার করার নির্দেশ দেন। এ নির্দেশে হাইকোর্টে পুনরায় শুনানি হয়।

শুনানি শেষে গতবছর ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে পিতা-পুত্রকে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়। মীর নাসির ও তার ছেলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর