পঞ্চগড়ে মরিয়ম বেগম (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। এঘটনায় পলাশ (১৬) নামে তার প্রেমিককে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মোল্লা পাড়া এলাকায় লাশটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম ওই এলাকার মৃত মজিবর রহমানের মেয়ে এবং আটককৃত পলাশ একই এলাকার আজিবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পলাশকে একই উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ফুলপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে আটক করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টায় নিহতের মা মর্জিনা বেগম মরিয়মের শয়ন কক্ষে ঘুম থেকে উঠার জন্য ডাকতে গেলে হঠাৎ মরিয়কে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে চিৎকার করে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে আরো জানা যায়, মরিয়ম ও পলাশ উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মরিয়ম ও পলাশ উভয়ের মধ্যে হঠাৎ ঝগড়া সৃষ্টি হলে ঝগড়ার অভিমানে মরিয়ম নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহম্মদ নিহতের বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।
বার্তাবাজার/এমকে