আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কোনোভাবেই বির্তকিত হতে দেওয়া হবে না। আমরা এই নির্বাচনটাকে সাংঘাতিক গুরুত্বসহকারে নিয়েছি। আমরা এ নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত করব না, কোনোভাবেই না। ঢাকা শহরের মানুষ দেখবে একটা অবাধ নির্বাচন ঢাকা শহরে হয়েছে। আমরা সমস্ত শক্তি দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করব।
আজ সোমবার বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মওদুদ এমপি নন, তিনি মিটিং করতে পারবেন, বক্তৃতা দিতে পারবেন তাতে কোনো বাধা নেই। আর আমরা এমপি, আমরা মিটিং করতে পারব না সেটা তো হয় না। তারা বলে লেভেল প্লেয়িং ফিল্ড, এটা কোন ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড হল?
তোফায়েল বলেন, তারা নির্বাচনে পরাজিত হয়েছে, সাবেক মন্ত্রী-এমপি। তারা যেতে পারবে, আমরা যেতে পারব না এটা তো হতে পারে না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমরা নির্বাচন কমিশনে যাব।
অহেতুক মিথ্যা প্রচার করে নির্বাচনকে কলঙ্কিত না করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন।