দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দিনাজপুরে জেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুঁই ও জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুঁই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দিন।

খেলার সার্বিক তত্ত্বাবধায়ন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার ও মো. সাইফুজ্জামান। এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলার পাশাপাশি আমাদের সন্তানদের বঙ্গবন্ধু সম্পর্কে এবং শেখ ফজিলাতুন্নেছা সম্পর্কে জানাতে হবে।

উদ্বোধনী খেলার সভাপতি জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম কোমলমতি শিশুদের উদ্দেশ্যে বলেন,”বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বিশ্বের সর্ববৃহৎ টুর্নামেন্ট। বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে স্মরণ রেখে এই টুর্নামেন্ট এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়ার বের করা হয়। বিশেষ করে নারী ফুটবল দলে স্কুল পর্যায়ের শিশুরাই একদিন অনেক বড় হবে।”

উদ্বোধনীয় খেলায় প্রথম রাউন্ডে (ছেলে) মাঠে নামে বিরল এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সদর উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রথম রাউন্ডে মেয়ে দলের বিরল কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বনতারা সরকারি প্রাথিমক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর