বৃষ্টির কারণে ভারত-শ্রীলংকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভেস্তে যায়। বৃষ্টির কারণে কাভারের ফাঁক দিয়ে পানি ঢুকে যায় পিচে। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরও মাঠে গড়ায়নি একটি বলও।
পিচের ভেজা অংশ শুকানোর জন্য মরিয়া মাঠকর্মীরা ব্যবহার করেছিলেন হেয়ার ড্রায়ার, ইস্ত্রি, ভ্যাকিউম ক্লিনার। তাদের এমন কাণ্ডে নেটদুনিয়ার বিদ্রুপের শিকার হচ্ছে দেশটি।
সরাসরি সম্প্রচারের সময় ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া বলেন, এটা স্কুলের ছেলেদের মতো ভুল। আউটফিল্ড শুকনো, কিন্তু পিচে পানি চলে এসেছে। হয়তো কাভারের কিছু জায়গায় ছিদ্র রয়েছে। আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির জন্য এটা খুবই হতাশাজনক।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেটভক্তরা বিদ্রুপে ভরিয়ে দিয়েছেন ম্যাচের স্টেডিয়ামের আয়োজক আসাম ক্রিকেট সংস্থাকে।
প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ এখন দুই ম্যাচের দাঁড়িয়েছে। মঙ্গলবার ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-শ্রীলংকা। সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার পুনেতে মাঠে গড়াবে।
বার্তাবাজার/কে.জে.পি