ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিকার; ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের।
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাতেই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেয়া হয়।

বান্ধবীর সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে বিশ্ববিদ্যালয়ের বাসে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যায়ের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী।

গন্তব্য শেওড়া হলেও ভুল করে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে যান ওই শিক্ষার্থী। সেখান থেকে হেঁটে শেওড়া যাওয়ার পথে দুর্বৃত্তরা মেয়েটির গলা ও মুখ চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে ধর্ষণ করে সাথে থাকা ব্যাগ মোবাইল ছিনিয়ে নেয়া হয়।

পরে জ্ঞান ফিরলে ওই ছাত্রী একটি সিএনজি নিয়ে বান্ধবীর বাসায় পৌঁছেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

খবর পেয়ে মেডিক্যালে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের শিক্ষকরা। প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, ‘তার চেক আপ সম্পন্ন হয়েছে। তাকে বিশেষ পরিচর্যার মধ্যে রাখা হয়েছে।’

শিক্ষার্থীর খোঁজ-খবর নিতে রাতেই হাসপাতালে যান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার তীব্র নিন্দা জানান তারা। পরে রাত তিনটার দিকে ধর্ষণের প্রতিবাদে ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে আজ একই দাবিতে মানববন্ধনের ঘোষণা দেয় ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘দ্রুততর সময়ের মধ্যে ধর্ষকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য কতৃপক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর