বড়লেখায় ষ্টীল ওয়ার্কশপ ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাত সাড়ে ৭টায় পৌরশহরের উত্তর চৌমুহনীর নিজাম ষ্টীল ওয়ার্কশপ থেকে তাকে গ্রেফতার করা হয়। নিজাম উদ্দিন (৩৮) উপজেলার সদর ইউনিয়নের জফরপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে ষ্টীল ওয়ার্কশপের আড়ালে ইয়াবা ট্যালেটের ব্যবসা করছিল। গত কয়েকদিন ধরে পুলিশ তার গতিবিধি নজরদারী করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারী রোববার রাত সাড়ে সাতটায় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেন নিজাম উদ্দিনের ষ্টীল ওয়ার্কশপে অভিযান চালান। তল্লাশীকালে ৪ প্যাকেটে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ব্যবসায়ী নিজাম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে থায় নিয়ে আসে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসীম ব্যবসায়ী নিজাম উদ্দিনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডব্লিও.এস