হজ নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

পবিত্র হজ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবের গুলে মদিনা দরবার শরীফের পীর আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ইমাম-ওলামা পরিষদসহ হাজার হাজার তৌহিদী জনতা।

রবিবার দুপুরে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিউটাউন এলাকার ওয়ালটনের সামনে মিছিল করে লোকজন। এ সময় বক্তব্য রাখেন মাওলানা জহিরুল হক, জামাল উদ্দিন, আল-আমিন, এম এ মুসা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আতাউল্লাহ আমিনসহ ইমাম-ওলামা পরিষদের নেতৃবৃন্দ।

এতে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন জনপ্রতিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনতা। এতে ঢাকা সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী যানযটের সৃষ্টি হয়। পরে ওয়ালটনের সামনে থেকে ভৈরবের ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে হাজার হাজার লোক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রশাসনের কাছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।

এর আগে কিশোরগঞ্জ জর্জকোর্টের আইনজীবী অ্যাড. আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসার পবিত্র ওমরা হজ নিয়ে কটূক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর