প্রতিবাদের কোনো জাতি, ধর্ম-বর্ণ এমনকি কোনো শ্রেণীর হয় না। আর তাই তো মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছে। যোগ হয়েছেন চলচ্চিত্র ও নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ শোবিজের অনেক কর্মীরা। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে এফডিসির সামনে আজ সকাল ১০টায় একসাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।
এ সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, সুষ্ঠু তদন্ত শেষে হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবি করছি আমরা।
মানববন্ধনে অংশ নেয়া সকলে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, মৌমিতা মৌ, প্রযোজক খোরশেদ আলম খসরু, কন্ঠশিল্পী রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, দর্শকপ্রিয় অভিনেত্রী সারা যাকের, নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী, চলচ্চিত্রের অভিনেতা আলীরাজ, শহীদুল আলম সাচ্চু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, শাহীন সুমন, শাহ মো: সংগ্রাম, হাবিবুল ইসলাম হাবিব, কচি খন্দকার, বুলবুল বিশ্বাসসহ আরো অনেকে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পাশাপাশি ডিরেক্টরস গিল্ডের কর্মীরাও এই মানববন্ধনে অংশ নেন।
৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গেল ১০ এপ্রিল চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পিবিআই। পুরো ঘটনার সাথে ১৩ জনের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।