কাঁচা রাস্তা তাও খুব সরু। বিশ বছর আগে একবার মাটি কেটে রাস্তা হওয়ার পর আর মাটি পড়ে নাই তাতে। এলাকায় বিদ্যুৎও নাই। রাস্তা না থাকায় কেউ আত্মীয় করতে আসে না- আক্ষেপ করে কথা গুলো বলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের পাইভাকুড়ি গ্রামের বাসিন্দা মমরুজ আলী। প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক হলেও তাদের কাছে নাগরিক সুবিধা না পৌঁছায় আক্ষেপ তার।
ঈশ্বরগঞ্জ পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের পাইভাকুড়ি গ্রামটি গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের সীমানা ঘেঁষা। সীমান্তবর্তী গ্রামটিতে উন্নয়নের কোনো স্পর্শ লাগেনি বললেই চলে। পৌর সভা স্থাপনের ২১ বছরেও এলাকাটিতে কোনো সেবা পায়নি বাসিন্দারা। ২০০১ পরবর্তী সময়ে গ্রামটির ভেতর দিয়ে বোকাইনগরের বাংলাবাজার যাওয়ার সড়ক পর্যন্ত একটি কাঁচা রাস্তা করা হয়। দীর্ঘ দিনে সে রাস্তাটিও সরু হয়ে গেছে।
নির্মাণের পর কাঁচা সড়কটিতে পৌর সভার উদ্যোগে আর কোনো কাজ করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এতে অবর্ণনীয় দুর্ভোগ দিয়ে জীবন যাবন করেন কয়েক’শ বাসিন্দা। বর্তমানের প্রথম শ্রেণির পৌর সভার গ্রামটিতে বিদ্যুৎ সংযোগও পায়নি বাসিন্দারা। সড়ক নিয়ে গ্রামবাসীর কষ্টের কথা জেনে মাটি কেটে সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নিয়েছেন বর্তমান পৌর মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার। রোববার তিনি পৌর সভার প্রকৌশলী ও কাউন্সিলরদের নিয়ে এলাকাটিতে গিয়ে কাঁচা সড়কটি প্রশস্ত করণের কাজ শুরু করেন। গ্রামের হেলাল ফকিরের বাড়ি থেকে কালাম সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছেন পৌরসভার মেয়র।
গ্রামের মমরুজ আলী বলেন, রাস্তার কারণে তাদের গ্রামের কেউ আত্মীয় করতে আসে না। গ্রামের শুধু খুঁটি পুঁতে রাখা হয়েছে। তাদের ঘরে বিদ্যুতের সংযোগ নেই। তারা কোনো সুবিধাই পাচ্ছেন না।’ স্থানীয় আবুল কালাম বলেন, নির্বাচনের আগে তাদের শুধু আশ^াস দেওয়া হতো, নির্বাচনের পর তাদের রাস্তা করে দেওয়া হবে। বিদ্যুৎ দেওয়া হবে। কিন্তু তারা দীর্ঘ দিনেও কোনো সুবিধা পাননি।
ওই সময় সেখানে উপস্থিত হন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ঈশ্বরগঞ্জ সাব জোনাল অফিসের ডিজিএম মো. আবুল কালাম আজাদ। তিনি এলাকাটিতে দ্রুত বিদ্যুত পৌঁছে দেওয়ার আশ^াস দেন।
ঈশ্বরগঞ্জ পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার বলেন, এলাকার মানুষের সমস্যাটির কথা চিন্তা করে সড়কটি মাটি ভরাট করে প্রশস্ত করণের কাজ শুরু করা হয়েছে। মাটি শক্ত হলে আগামী ছয় মাসের মধ্যে সড়কটি পাকা করণের উদ্যোগ নেওয়া হবে।
বার্তাবাজার/এইচ.আর