ডেঙ্গু : ভালোবাসার দিন শেষ, এখন থেকে জেল-জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে যথেষ্ট প্রচার করা হয়েছে। জনগণ এখন জানে কেন ডেঙ্গু হয়, কীভাবে প্রতিরোধ করতে হয়।

এরপরও যদি কেউ সচেতন না হন, তাকে আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে। ভালোবাসা দেয়ার দিন শেষ, এখন থেকে প্রয়োজনে আইন প্রয়োগ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা হবে। মশা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হবে।

রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে কিউলেক্স ও এডিস মশা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, মশক নিয়ন্ত্রণে ইতোমধ্যে ডিএনসিসির রিসোর্স বাড়ানো হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক কীটতত্ত্ববিদদের কাছ থেকে পরামর্শ নিয়ে সে অনুযায়ী কার্যক্রম চালানো হচ্ছে।

কিউলেক্স মশা নির্মূলে গবেষণা করে সম্ভাব্য প্রজননক্ষেত্র (হটস্পট) চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা হয়েছে। বাড়ি বাড়ি চিরুনি অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গুর কারণে যাতে আর কোনো প্রাণহানি না ঘটে সেজন্য ডিএনসিসি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, এটা মনে করাটা ভুল হবে যে, গত বছর ডেঙ্গুর পাদুর্ভাব বেশি ছিল, এ বছর কমে যাবে। আমাদের সারা বছর কাজ করতে হবে। এখন থেকে প্রস্তুত হতে হবে। সামাজিক সংগঠনগুলোকে মশা নিয়ন্ত্রণে আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। ফোর্থ জেনারেশন লার্ভিসাইডিংয়ের মাধ্যমে মশা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদা সাবরিনা ফ্লোরা বলেন, ডেঙ্গুর কারণে গতবছর আমরা অনেক ‘সাফার’ করেছি, আবার আমরাই সম্মিলিতভাবে প্রতিরোধ করেছি। মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি আধুনিক ও কার্যকরী বর্জ্য ব্যবস্থাপনার দিকে মনোযোগী হতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার বলেন, শুধু ফগিং করে কাজ হবে না, ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (আইভিএম) করতে হবে। গত বছরের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে। গত বছর বিভিন্ন ‘রিপিল্যান্টে’র মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে মশার বিভিন্ন ‘রিপিল্যান্ট’ প্রস্তুত করতে হবে, যাতে অন্য দেশের প্রতি আমাদের নির্ভরতা না থাকে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. শফিউল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, কীটতত্ত্ববিদ ডা. সাইফুর রহমান, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শওকত মঞ্জুর শান্ত প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর