ঢাকার কেরাণীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে তিনটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ।
রবিবার (৫ই জানুয়ারী) বেলা সাড়ে বারোটার দিকে কেরানীগঞ্জ উপজেলার পূর্ববন্দ ডাকপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণ হওয়া তিনটি গোডাউন একই মালিকের বলে জানা গেছে।
এছাড়াও চুনকুটিয়া এলাকায় তার আরেকটি গোডাউন রয়েছে বলে জানায় স্থানীয়রা। টিনশেডের গোডাউনটির আশপাশে ছিলো আবাসিক ভবন। স্থানীয়রা জানান, প্রথমে কেমিক্যালের একটি গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে একে একে আরও দু’টি গোডাউনে বিস্ফোরণ ঘটে। এতে গোডাউন তিনটির ছাদ ধসে পড়ে এবং আগুন লেগে যায়।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। তবে কেউ হতাহত হয়নি। পর পর শক্তিশালী তিনটি বিস্ফোরণের কারণে আশপাশের বেশ কিছু ভবনের জানালার গ্লাস ভেঙে পড়েছে। দুমড়ে-মুচড়ে গেছে বেশ কয়েকটি দোকানে শাটার। ফাটলও দেখা গেছে কয়েকটি ভবনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, এ গোডাউনটিতে সোডিয়াম থায়ো, ম্যাঙ্গানিজ সালফেট মনোহাইড্রেট ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছিল।
ধারণা করা হচ্ছে সোডিয়াম থায়ো থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, এখানে গোডাউন করার কোনো অনুমোদন ছিল না।
বার্তাবাজার/এইচ.আর