মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে বছরে গড়ে এক হাজার জন দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের লক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় জনসচেতনতামূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সেমিনারে বক্তারা বিদেশে জনশক্তি রপ্তানিতে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। যেমন বিদেশে যাওয়ার আগে পাসপোর্ট, ভিসা, চুক্তিপত্র, ওয়ার্ক পারমিট, ব্যুরোর ছাড়পত্র ও স্মার্টকার্ড ভালোভাবে যাচাই করে নেবেন এবং নিজের কাছে একটি কপি রাখবেন। দালালের মাধ্যমে কেউ বিদেশ যাবেন না, যাওয়ার চেষ্টাও করবেন না।যদি কেউ বিদেশ যেতে ইচ্ছুক থাকেন তাহলে জেলা কর্মসংস্থান ও জেলা জনশক্তি অফিসে যোগাযোগ করবেন।বৈধ পথে বিদেশ যাবেন, নিরাপদে জীবন কাটাতে পারবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,পৌর মেয়র সাইফুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান,পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনসহ সাংবাদিক,জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এইচ.আর