মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে যশোরের অভয়নগরে গণপিটুনিতে এক ব্যক্তি (৩০) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনও পুলিশ জানতে পারেনি।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, যশোরের মণিরামপুর উপজেলার হরিদাশকাটি গ্রামের বিদ্যুৎ মণ্ডল ভাড়ায় মোটরসাইকেল চালান। রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে নওয়াপাড়া-মণিরামপুর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে তিনি সুন্দলী বাজারের পাশে একটি মাছের ঘেরের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া তিন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে। দুর্বৃত্তরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করলে বিদ্যুৎ মণ্ডল তাদের একজনকে জাপটে ধরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে সুন্দলী বাজার এবং আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে পিটুনি দেয়। এতে অজ্ঞাত ওই ছিনতাইকারী ঘটনাস্থলেই মারা যায়। অপর দুই ছিনতাইকারী আত্মরক্ষার্থে মাছের ঘেরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে রাত ১১টার দিকে অভয়নগর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি বলেন, ‘মোটরসাইকেল ছিনতাই করার সময় গণপিটুনিতে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। অপর দুজন পালিয়ে গেছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর