কক্সবাজারে দুই পর্যটকের হাত ও পায়ের রগ কেটে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে শহরের সার্কিট হাউজের সামনে এঘটনা ঘটে। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা- মহেশখালী উপজেলার পুটিবিল এলাকার মো. হোছেনের ছেলে ইমরুল হাসান (২২) ও তার নিকটাত্মীয় টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মুরাদ (২২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার বিকেলে দুই যুবক একটি ইজিবাইক যোগে সার্কিট হাউজের পথ ধরে সৈকত অভিমূখে যাচ্ছিলেন। এসময় ৪-৫ জনের একদল ছিনতাইকারী ইজিবাইকটির গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তাদের হাত-পায়ের রগ কেটে যায়। তাদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরাপালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, আহত দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ইমরুল হাসানের অবস্থা আশংকাজনক।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বার্তা বাজারকে জানান, ছিনতাইকারীদের আটকে পুলিশের পৃথক দুটি টিম মাঠে কাজ করছে। অতিদ্রুত সময়ের অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস