বিমান হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলটির সভাপতি রাশেদ খান মেনন এমপি। শনিবার (৪ জানুয়ারি) দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলেইমানি নিহত হন। তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সবচেয়ে আস্থাভাজন জেনারেলদের একজন।
১৯৯৮ সালে দায়িত্ব পাওয়ার পর তার কৌশলে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার বাশার আল-আসাদ বাহিনী এবং ইরাকের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে জোরদার সম্পর্ক গড়ে ওঠে ইরানের।
ইরাকের সশস্ত্র শিয়া মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এক বিবৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় তাদের বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল মুহাদ্দিসও শহীদ হয়েছেন। মুহাদ্দিস ছিলেন জেনারেল সোলেইমানির বিশ্বস্ত এবং তার উপদেষ্টা। হামলার সময় দুজন একই গাড়িতে ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস