চট্টগ্রামে দুই বিদেশি ফুটবলার সহ এক বাংলাদেশি ফুটবলারকে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ফ্রাঙ্ক ও রিচার্ড নামে দুই বিদেশিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ঢাকা থেকে মোহাম্মদ মাসুদ(২৪) নামে এক বাংলাদেশি ফুটবলারকে ধরা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।
গ্রেফতার দুই বিদেশি ফুটবলার ফ্রাঙ্ক ও রিচার্ড হলেন ঘানার নাগরিক। ফ্রাঙ্ক ও রিচার্ড বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলেন। আর মাসুদও বয়সভিত্তিক দলে এবং ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন বলে পুলিশের কাছে তথ্য প্রদান করেন।
ওসি নেজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে ফ্রাঙ্ক ও রিচার্ডকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার(০৪ জানুয়ারী) সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফ্রাঙ্ক ও রিচার্ড জানিয়েছেন, “তারা ঢাকা থেকে কক্সবাজার ফুটবল খেলতে গিয়েছিলেন। সেখানে খেলা না হওয়ায় তারা ঢাকায় ফিরছিলেন। ফেরার সময় কক্সবাজারের এক ব্যক্তি তাদের ইয়াবা ভর্তি প্যাকেটটি মাসুদকে দেওয়ার জন্য দিয়েছিলেন।”
কক্সবাজারে ফ্রাঙ্ক ও রিচার্ডের হাতে ইয়াবা ভর্তি প্যাকেট দেওয়া ব্যক্তির নাম পরিচয় জানা গেলেও তদন্তের স্বার্থে পুলিশ গণমাধ্যমে তার নাম করেনি।
গ্রেফতার দুই বিদেশি ও এক বাংলাদেশি ফুটবলার হতে আরো বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়েছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।
বার্তাবাজার/এমকে