ইয়াবাসহ ৩ ফুটবলার গ্রেফতার নিয়ে লুকোচুরি দিনভর

চট্টগ্রাম ও ঢাকা থেকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ দুই বিদেশি ও এক দেশি ফুটবলারকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশি ও পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে এক বাংলাদেশি ফুটবলারকে গ্রেফতার করা হলেও এ নিয়ে দিনভর চলে লুকোচুরি। তবে রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।

গ্রেফতার বাংলাদেশি ফুটবলার হলেন- মো. মাসুদ (২৪) এবং দুই বিদেশি ফুটবলার হলেন- ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ড। তার দুজনই বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলেন।

ওসি নেজাম উদ্দিন বলেন, শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকায় নিয়মিত তল্লাশির সময় সাড়ে সাত হাজার ইয়াবাসহ ফ্রাঙ্ক ও রিচার্ডকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দেশি ফুটবলার মাসুদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ফ্রাঙ্ক ও রিচার্ড জানিয়েছেন, তারা ঢাকা থেকে কক্সবাজার ফুটবল খেলতে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ইয়াবাসহ গ্রেফতার এই তিন ফুটবলারকে বিকেলে চট্টগ্রামের একটি আদালতে তুলে তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সূত্র: জাগো

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর