নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের পোশাক পরে প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টার সময় শাহিন নামে এক ‘ভুয়া পুলিশ’কে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে ফতুল্লা থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করে তাকে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি খেলনা পিস্তল ও ওয়াকিটকি।
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার ভুইগড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইটি হোন্ডাযোগে পুলিশের পোশাক পরাসহ চার ব্যক্তি ফতুল্লা স্টেডিয়াম এলাকায় একটি কালো রঙয়ের প্রাইভেটকার সিগন্যাল দিয়ে থামিয়ে তা ছিনতাইয়ের চেষ্টা করে। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরাও পিছু নেয়।
এসময় ভুইগড় এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়ির পেছনে আঘাত করে। তখন স্থানীয় এলাকাবাসী ছুটে আসলে ছিনতাইকারীদের তিনজন পালিয়ে গেলেও পুলিশের পোশাক পরা ছিনতাইকারী শাহিনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধরা। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশের পোশাক পরা ছিনতাইকারীকে আটক করে।
ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসান-ইন-চার্জ (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে তিনটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে যা দেখতে অবিকল সত্যিকারের পিস্তলের মতো। এ ছাড়াও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।
আটককৃত প্রতারক শাহীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে