বরগুনার তালতলীতে সিঁধ কেটে সাইফুল ইসলাম শাহজাহান (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মো. সাইফুল ইসলাম শাহজাহান প্রায় দুই বছর ধরে ফার্মেসি ও মুদি ব্যবসা করে আসছেন। ব্যবসার শুরু থেকেই তিনি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে রাতে অবস্থান করেন। শুক্রবার রাতে তার বড় ভাই ফারুক খানের বাড়ি থেকে রাতের খাবার শেষে দোকানে এসে ঘুমিয়ে পড়েন।
শনিবার সকালে স্থানীয় মামুন ওষুধ কিনতে দোকানে আসলে দোকানের দরজা খোলা দেখে তার স্বজনদের খবর দেন। স্বজনরা এসে দোকানের পিছনে সিঁধ কাটা দেখে তাদের সন্দেহ হয়। পরে ঘরে উঠে তারা শাহজাহানকে খুঁজে পায়নি।
খবর পেয়ে তাৎক্ষণিক তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দোকানদার শাহজাহানকে উদ্ধার করা যায়নি।
ব্যবসায়ী সাইফুল ইসলাম শাহজাহানের ভাই ফারুক খান বলেন, কেউ শত্রুতা করে আমার ভাইকে অপহরণ করে নিয়ে গেছে। দ্রুত আমার ভাইকে উদ্ধারের দাবি জানাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আশা করি দু-একদিনের মধ্যে আসল রহস্য উদঘাটন করতে পারব।
বার্তাবাজার/এমকে