অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা সদস্য নিয়োগ

কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জ্বলতে থাকা ভয়াবহ দাবানল। শুক্রবারও বুনো আগুনে দেশটির দক্ষিণ উপকূলবর্তী ক্যাঙ্গারু দ্বীপে দুই জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।

আগুনে ভয়াবহতা বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে, দাবানল নেভানোর কাজে সহায়তা করতে সামরিক বাহিনীর ৩ হাজার সদস্য নিযুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

প্রায় তিনমাস ধরে জ্বলতে থাকা নিউ সাউথ ওয়েলসের দাবানল নেভার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। বরং ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আর বাতাসের গতিপথ নির্দিষ্ট না হওয়ায় প্রতিদিন কেবল বেড়েই চলেছে আগুনের মাত্রা। সৃষ্টি হচ্ছে নতুন নতুন দাবানলের। নতুন করে ১১ টি এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন ভয়াবহ এই দাবানলে। পুড়ে ছাই হয়ে গেছে দেড় হাজারের বেশি বাড়িঘর আর বহু অবকাঠামো। ধ্বংস হয়ে গেছে ৩৫ হাজার একরের বেশি বনভূমি। আগুন নেভাতে চেষ্টার কোন ত্রুটিই রাখছেন না দমকল কর্মীরা।

তাদের সঙ্গে কাজ করে চলেছে হাজার হাজার স্বেচ্ছাসেবী। তারপরও কোনভাবেই সুবিধা করে উঠতে পারছেন না তারা। এমন অবস্থায় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা সদস্য নিযুক্তের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

দাবানল শুরুর পর থেকেই নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বড় একটি অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার দাবদাহের মধ্যে স্থানীয়দের নাভিশ্বাস উঠেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর