সিটি নির্বাচনে ছাত্রলীগকে কাজ করার অনুরোধ তোফায়েলের

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের জন্য ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।

তোফায়েল আহমেদ বলেন, এত বড় প্যান্ডেলে ছাত্রলীগের হাজারও প্রাক্তন এবং বর্তমান নেতাকর্মী। তাদের কাছে আমি অনুরোধ করব- এই নির্বাচনটাকে আমাদের নিজেদের নির্বাচন মনে করে ৩০ জানুয়ারি নির্বাচনে বিজয়ী করার জন্য আপনারা কাজ করবেন।

তিনি বলেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ- আমাদের ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ যত অঙ্গ ও সহযোগী সংগঠন আছে সবার সঙ্গে মিটিং করব। আমরা বিজয়ী করব।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, বঙ্গবন্ধুর তুলনা হয় না, তেমনি বঙ্গবন্ধুকন্যা রাজনৈতিক নেতা নন, তিনি রাষ্ট্রনায়ক। আসুন আমরা সকলে তার নেতৃত্বে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর