‘যে কর্মী আবরার হত্যায় জড়িত, তাকে ছাত্রলীগের প্রয়োজন নেই’

ছাত্রলীগের যে কর্মী আবরার (বুয়েট শিক্ষার্থী) হত্যাকাণ্ডে জড়িত, তাকে সংগঠনের প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুর্নমিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়ে দেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, যে কোনো কারণে হোক, বর্তমানে সংগঠনের সুনাম ক্ষুন্ন হয়েছে। সেই ছাত্রলীগকর্মীর প্রয়োজন নেই, যে আবরার (বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ) হত্যায় জড়িত। সেই ছাত্রলীগ নেতার প্রয়োজন নেই, রাজশাহীতে অধ্যক্ষকে অপমান করে যে নেতা। সেই ছাত্রলীগের আমাদের প্রয়োজন নেই।

তিনি বলেন, হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত শুদ্ধি অভিযানে শুদ্ধ হয়ে নয়া উৎসর্গকৃত চেতনায় ছাত্রলীগকে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে।

এ সময় বঙ্গবন্ধু পরিবারে কাছ থেকে সততা, মেধা ও ত্যাগের শিক্ষা নিয়ে রাজনীতি করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিকেল ৩টা থেকে শুরু হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রভাগের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনর্মিলনী অনুষ্ঠান রূপ নিয়েছে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর