কোরআন সুন্নাহর মধ্যেই নিহিত কল্যাণ ও শান্তি

হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘দুনিয়ার মাঝে শান্তি নিহিত নেই। শান্তি পেতে হলে তিনটি কাজ করতে হবে। প্রথমে পার্থিব লোভ-লালসা ত্যাগ করতে হবে, দ্বিতীয়ত নিজের আত্মার শুদ্ধি ও সংশোধন করতে হবে, তৃতীয়ত সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হবে। এ তিনটি আমলকে যদি আমরা আকড়ে ধরি তাহলে শান্তি আপনা-আপনি আসবে।

ঘরে-বাইরে, পরিবারে, সমাজে শান্তি বিরাজ করবে।’ তিনি গতকাল শুক্রবার আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে এসব কথা বলেন। আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে জামিআর প্রাঙ্গণে বার্ষিক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হজরত মাওলানা আযহারুল হাসান মাদানী। মাহফিলে দেশ-বিদেশের বরেণ্য আলেম-উলামারা বক্তব্য দেন। মাহফিলে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তার জন্য বিশেষ দোয়া করা হয়।

মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন জামিআর সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিমুদ্দীন, সহকারী শিক্ষাসচিব মাওলানা আনাস মাদানী ও মাওলানা নুরূল ইসলাম জাদীদ। মাহফিলে শেষ অধিবেশন ছিল সমাবর্তন। এতে শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে পাগড়ি গ্রহণ করে। পাগড়ি প্রদান শেষে আল্লামা আহমদ শফী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর