‘পেঁয়াজ উৎপাদনের যে প্রযুক্তি আছে, তাতে পেঁয়াজ উদ্বৃত্ত থাকবে’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের কাছে পেঁয়াজ উৎপাদনের যে প্রযুক্তি আছে, তাতে আমরা পেঁয়াজ উৎপাদনে উদ্বৃত্ত থাকব।

শুক্রবার বিকালে খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট প্রাঙ্গণে ‘জাতীয় সবজি মেলা ২০২০’ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের জন্য আমরা ভারতের ওপর নির্ভরশীল ছিলাম। তারা হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে আমরা বিপদে পড়ে যাই। এরপর থেকে শুধু ভারতের ওপর নির্ভরশীল থাকলেই হবে না। আমাদের কাছে পেঁয়াজ উৎপাদনের যে প্রযুক্তি আছে, তাতে আমরা পেঁয়াজ উৎপাদনে উদ্বৃত্ত থাকবো।

সমস্যা হচ্ছে, কৃষক পেঁয়াজ উৎপাদন করতে চায় না। সেকারণে আমরা বাণিজ্যমন্ত্রীকে বলেছি, এবছর মৌসুমে যেন পেঁয়াজ আমদানি করা না হয়। কৃষক যেন পেঁয়াজ উৎপাদন করে লাভ করতে পারে, বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে আমরা ধান-চালে উদ্বৃত্ত দেশ। আমাদের ৩০ থেকে ৪০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষিকে লাভজনক করতে হলে বহুমুখীকরণ করতে হবে।

তিনি বলেন, আমরা সবজি চাষের অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছি। আমাদের কাছে যে প্রযুক্তি আছে তা ব্যবহার করতে পারলে শুধু দেশের নয়, আন্তর্জাতিক বাজারেও সবজি রপ্তানি করতে পারব। সবজি বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভাবনাময় একটি খাত।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর