দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ দুর্দশাগ্রস্থ, দরিদ্র অসহায় মানুষের কথা সব সময় ভাবেন। তিনি মানবতাবাদী একজন প্রধানমন্ত্রী। সব সময় তিনি দেশের সাধারন মানুষের কষ্টের কথা ভাবেন। তিনি মানবতার জননী।
আজকে তারই আদেশে, তারই নির্দেশে ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে এসেছি। শুক্রবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
তিনি আরও বেশিদিন যেনো বাংলাদেশের জনগণের সেবা করতে পারেন। ইতিপূর্বে এ জেলায় গৃহহীনদের প্রয়োজনীয় সংখ্যক দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে এ জেলার সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী পরবর্তিতে আরও ১শ টি ঘর, ১শ বান ঢেউটিন ও নগদ ৩০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হবে।
এ জেলায় প্রকৃত যারা গৃহহীন, প্রকৃত যাদের ঘর নাই, কষ্ট করে বসবাস করেন, যারা অন্যের বাড়িতে বসবাস করেন। আপনারা তাদেরকে এই ঘরগুলো দিবেন। যেন আগামী ৫০ বছর তারা এই ঘরগুলিতে
বসবাস করতে পারেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিরতণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার আবু তাহের মো: আব্দুল্লাহ, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন প্রধান অতিথি।
বার্তাবাজার/এইচ.আর