১০ বছর কারাদণ্ড, ১ দিন পরেই জামিনে মুক্তি

বান্দরবান সদর উপজেলার প্রাতা পাড়ার পাশে অবৈধভাবে ইটভাটা নির্মাণ ও ইট তৈ‌রির অভিযোগে বান্দরবান সদর উপ‌জেলার সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুসকে প‌রিবেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট আদালত ১০ বছরের জেল ও ১৭ লাখ জ‌রিমানা করার পর দিনই জামিনে মুক্তি পেয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বান্দরবানের থানচি উপজেলার প্রাতাপাড়ায় অবৈধভাবে ইটভাঁটা নির্মাণের অভিযোগে তাকে জেল ও জরিমানার ঐ আদেশ দেন পরিবেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

দণ্ড পাওয়ার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবদুল কুদ্দুস জামিন চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। এদিন বেলা ৩টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আপিল শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে দুজন ব্যক্তির জিম্মায় এক মাসের জন্য তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থানচির প্রাতাপাড়ার পাশে সরকারি নিয়ম না মেনে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বিপ্লব মারমা, মো. আইয়ুব ও খামলাই যৌথভাবে ইটভাঁটা তৈরি করে ইট তৈরির কাজ করছিল।

এ খবরের ভিত্তিতে মঙ্গলবার পরিবেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বিশেষ অভিযান পরিচালনা করেন।

ওই দিন রাতেই সদর উপজেলার সাবেক চেয়ারম্যানকে পরিবেশ সংরক্ষণ আইন ২০১৩ এর ১৪, ১৫, ১৬ ও ১৮ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ বছরের কারাদণ্ড ও ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর