বঙ্গোপসাগরে জাহাজডুবি: ১৪ নাবিক ভাসমান অবস্থায় উদ্ধার

বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ‘নিউ পারভিন-২’ নামক সার বোঝাই একটি কার্গো জাহাজ (লাইটার) ডুবে গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনার পর ওই কার্গো জাহাজে থাকা মাষ্টারসহ ১৪ জন নাবিককে কোস্টগার্ড পশ্চিম জোনের দুবলা ষ্টেশনের সদস্যরা সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে।

পরে তাদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রেখে সাধারণ চিকিৎসা দেয়াসহ তাদের নিরাপদে রাখা হয়েছে। এদিকে কার্গো জাহাজ ডুবির এ ঘটনায় বন্দরের চ্যানেল সচল ও নিরাপদ রয়েছে বরেও জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় দিক হারিয়ে কার্গো জাহাজটি (লাইটার) দুর্ঘটনার শিকার হয়। তিনি কোস্টগার্ডের দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, ‘শুক্রবার ভোরে বন্দরের বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ (লাইটার) ডুবতে দেখে কোস্টগার্ডের টহলরত সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। মুহূর্তের মধ্যে কার্গোটি ডুবে গেলে পরে ওই জাহাজে থাকা মাষ্টারসহ ১৪ জন নাবিককে সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে নিরাপদে কোষ্টগার্ড দুবলারচর ক্যাম্পে আনা হয়।

উদ্ধারকৃত নাবিকরা হলো, জামাল হোসেন, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ,উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ও ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, চলতি বছরের গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়ে বয়ায় সার বোঝাই একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান নেয়। সেখানেই বিদেশি জাহাজ থেকে সার খালাস করার কথা থাকায় ওই সার আনার জন্য মোংলা থেকে বড় কার্গো জাহাজ (লাইটার) জাহাজ সেখানে যায়।

বিদেশি লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার বোঝাই করে ‘নিউ পারভিন-২’ নামে এই কার্গো জাহাজ মোংলা বন্দরের দিকে ছেড়ে আসছিল। সাগর দিয়ে আসার সময় মাঝখানে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে মেহের আলীর চরে আটকে দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কার্গো জাহাজটি ডুবে গেলেও মোংলা সমুদ্র বন্দর চ্যানেল সম্পূর্ণ সচল ও নিরাপদ রয়েছে বলেও জানায় বন্দরের এ কর্মকর্তা।

অপরদিকে ডুবন্ত কার্গো জাহাজটি বঙ্গোপসাগরে বন্দর চ্যানেলের বাইরে ডোবার কারণে কখন নাগাদ উদ্ধার করা হবে বা আদৌ উদ্ধার করা হবে কিনা সেব্যাপারে কিছুই জানাতে পারেনি বন্দর বা কোস্টগার্ড সদস্যরা। তবে বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া লাইটারের মালিক পক্ষ দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে এবং কোস্টগার্ডের ক্যাম্পে থাকা উদ্ধারকৃত নাবিকদের মালিক পক্ষের কাছে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর