নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে দেয়া কম্বল পেয়ে ভীষণ খুশি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পরিষদের হল রুমে জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণীতে মাশরাফী বিন মোর্ত্তজার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, তৃতীয় লিঙ্গের রুহুল, শাপলা প্রমুখ।
তৃতীয় লিঙ্গের রুহুল বলেন, কোনো এমপি আমাদের কথা চিন্তা করেননি। এমপি মাশরাফী আমাদের কথা ভেবে কম্বল পাঠিয়েছেন। এ জন্য আমরা ভীষণ খুশি হয়েছি। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তুজার উদ্যোগে জেলা ছাত্রলীগের মাধ্যমে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ৫০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হলো। এছাড়া বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
আলোচনা সভা শেষে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতা রুহুল ও শাপলার কাছে ৫০টি কম্বল তুলে দেয়া হয়।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সজিব বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রোজ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক স্বপ্নিল সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক আকাশ ঘোষ রাতুলসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এইচ.আর