সমাপনী পরীক্ষায় পাস করেও আত্মহত্যা!

ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাস করেও আত্মহত্যার পথ বেছে নিল এক শিক্ষার্থী। পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়াতেই সে এহেন কাজ করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর বাউফলের অলিপুরা বাজারে এ ঘটনা ঘটে। অলিপুরা ছালেহিয়া দাখিল মাদ্রাসা থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে মো. রিয়াজ হোসেন (১০)। পরীক্ষায় জিপিএ-৩.৬৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল রিয়াজ।

রিয়াজের বাবা দেলোয়ার হোসেন জানান, পরীক্ষার ফলাফলের পর রিয়াজ স্বাভাবিকই ছিল। সকালের খাবার খেয়ে সবাই বের হয়। বিকেলে ঘরের পেছনের বারান্দায় আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলতে দেখে তার মা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, স্বজনরা রাত ৭টার দিকে ওই শিক্ষার্থীকে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের চিকিৎসক আত্মহত্যা নিশ্চিত করেছে। ছোট বাচ্চা হওয়ায় পরিবার মরদেহ নিয়ে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর