মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে হামলায় ইরানের শীর্ষ জেনারেল ও দেশটির এলিট ফোসর্ট কুদসের প্রধান সোলায়মানিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর বিবিসির।
বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দর বৃহস্পতিবার রাতে সোলায়মানি ও ইরাকি মিলিশিয়া বাহিনীর গাড়ি লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়। এসময় জেনারেল কাসেম সোলায়মানি, ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসসহ সাত জন নিহত হয়েছেন। ইরাক সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বাগদাদ বিমানবন্দরের কাছে হওয়া এক হামলায় মারা যাওয়া বেশ কয়েকজনের মধ্যে কাসেম সোলায়মানি রয়েছেন।
ইরাকে হিজবুল্লাহর অংশ সামরিক দল ‘হাশিদ আল শাবি’র মুখপাত্র আহমেদ আল আসাদি এই হামলার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে আগেই দাবি করেন।
ইরাকের সিকিউরিটি মিডিয়া সেল বৃহস্পতিবার গভীর রাতে ঘোষণা করে, তিনটি কাতুশা রকেট বাগদাদ বিমানবন্দরকে টার্গেট করেছে।
মিলিশিয়া বাহিনীর সূত্র দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মিলিশিয়া সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মেহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাচ্ছিলেন। সেসময় তাদের দুটি গাড়িতেই বিমান হামলা চালানো হয়।
এর আগে একাধিকবার ইরানের অত্যন্ত ক্ষমতাধর কমান্ডার ও কুদস বাহিনীর প্রধান কাসেম সোলায়মানির মৃত্যুর সংবাদ প্রচারিত হয়েছে। তবে সব বারই এটি অস্বীকার করেছে ইরান। তবে এবার আর নিজেকে রক্ষা করতে পারেননি ইরানের জাতীয় বীরে পরিণত হওয়া বিশ্বের আলোচিত জেনারেল সোলায়মানি।
বার্তাবাজার/কে.জে.পি