সেশন ফি না দেয়ায় শিক্ষার্থীদের বই দেয়নি স্কুল কর্তৃপক্ষ

বিদ্যালয়ের নির্ধারিত সেশন ফি’র টাকা পরিশোধ না করায় বছরের প্রথম দিন বই উৎসবে গিয়েও বই পায়নি নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই শিক্ষার্থীসহ অনেকে। উপজেলার সিরাজপুর উচ্চ বিদ্যালয়ে পহেলা জানুয়ারী বই উৎসবের দিন এ ঘটনা ঘটে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিতে বই উৎসবের ঘোষণা দিলেও ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরা।

জানা গেছে, বুধবার (১ জানুয়ারী) উপজেলার সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী হেমায়েত উদ্দিন ও তাহমিদুল ইসলাম বই নিতে বিদ্যালয়ে গেলেও সেশন ফি’র টাকা জমা দিতে না পারায় তাদেরকে বই দেয়া হয়নি। তারা সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজ উল্যাহর ছেলে।

মো. সিরাজ উল্যাহ অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকলেও সিরাজপুর উচ্চ বিদ্যালয় সেশন ফি’র টাকা জমা না দেয়ায় তার দুই ছেলেসহ অনেক শিক্ষার্থীকে বই দেয়া হয়নি। তার ভাষ্যমতে, কেবলমাত্র টাকা জমার রশিদ দেখেই শ্রেণি শিক্ষকরা বই বিতরণ করেছেন। তিনি জানতে চান, সেশন ফির টাকা পরিশোধের দায়িত্ব আমার কিন্তু আমার ছেলেদেরকে বই দেয়া হলো না কেন?

এ ব্যাপারে শ্রেণি শিক্ষক আবদুর রহিম বলেন, সেশন ফির সাথে সরকারি বই দেয়ার কোন সম্পর্ক নাই। তবে সেশন ফির টাকা জমা নিয়ে বই দেয়ার সিদ্ধান্ত ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। যারা এ টাকা জমা দেয়নি তাদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে বই নিতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আলম সিদ্দিকী বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। তবে আগামি ৪ জানুয়ারী শনিবার বিদ্যালয় খোলার দিন বিষয়টি জানার চেষ্টা করবেন বলেও জানান।

বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ কামাল পারভেজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সেশন ফির সাথে বই প্রদানের কোন সম্পর্ক নাই। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে হবে। কেউ এ নির্দেশনা অমান্য করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর