বই দিবসে টাকার বিনিময়ে বই বিতরণ

বই দিবসে পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটে টাকার বিনিময়ে বই বিতরণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, সারাদেশের ন্যায় ১ জানুয়ারি পাইকগাছা উপজেলাতেও বিনামূল্যে বই বিতরণ করে বই উৎসব পালন করে। তবে গড়ইখালী আলমশাহী ইনস্টিউটে প্রতিটি শিক্ষার্থীর নিকট থেকে ৩শ টাকা আদায় পূর্বক সরকারি বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে।

টাকা দিতে না পারায় অনেককে ফেরত দেয়ায় অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসুধনের নির্দেশে সভাপতি কামরুল গাইনের উপস্থিতিতে বই বিতরণ করা হয় বলে অভিভাবক ফারুক হোসেন, খোকন গাজী, রেশমা বেগম লিখিতভাবে জানান।

স্থানীয় মাহফুজুল গাজীর ছেলে রিফাত গাজী টাকা দিতে না পারায় তাকে বই দেয়া হয়নি। অষ্টম শ্রেণির ছাত্রী ঝুমুর সুলতানা জানায়, ৩শ টাকা দেয়ার পর তাকে বই দেয়া হয়।

একাধিক ছাত্র-ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিভাবক আলমগীর, মফিজুল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট পাঠানো হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মধুসুদন সরকার বলেন, কোন ছাত্র-ছাত্রীর কাছ থেকে বই বিতরণ বাবদ টাকা নেয়া হয়নি। সেশন চার্জ বাবদ ৩শ টাকা আদায় করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর