প্রাচ্যের রাণী চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র কর্ণফুলীর পারকি সমুদ্র সৈকত এলাকায় স্থায়ীভাবে গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্ণফুলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২টায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উল্লেখ্য, দিন দিন ভ্রমণ পিপাসু ও পর্যটকদের জনসমাগমের দরুন পারকি বীচের জনপ্রিয়তা অনেক বেড়েছে। যা দেখে কিছু অসাধু ব্যক্তিরা অবৈধভাবে পারকি এলাকায় স্থায়ী দালান কোঠা ও দোকানপাট নির্মাণসহ মাদক বেচাকেনা করে।
হাত বাড়ালেই পাওয়া যায় সকল ধরণের মাদক দ্রব্য। মাদক বিক্রেতাদের প্রভাবে সুস্থ মাদকমুক্ত মানুষও জড়িয়ে পড়ছে মাদকের মরণ নেশায়। যা পারকি সৈকত এলাকার পরিবেশ ও পারকি সৈকতে আগত পর্যটকদের স্বাস্থ্য সহ সুস্থ বিনোদনের জন্য বিরাট হুমকি হয়ে দারিয়েছে। নষ্টের কারণ হয়ে দারিয়েছে। তাই পুলিশ প্রশাসনের পক্ষ হতে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, পারকি বীচ দেশের সম্পদ ও জনগণের বিনোদন কেন্দ্র, ব্যক্তি মালিকানা বা কোন প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি নয়। কেহ এখানে স্থাপনা নির্মাণের দ্বারা পর্যটকদের বিনোদনের অধিকার হরণ করতে পারেনা। তাই পর্যটকদের সুবিধার্থে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এখন পর্যন্ত ২০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।

তিনি আরো বলেন, গত ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সেলিম প্রকাশ কুত্তা সেলিমকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি পুলিশকে মারধরের মামলা সহ তার বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে।