পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে আমরণ অনশন চলছে পঞ্চম দিনের মতো। তবে এবার রাজপথে নামলো পাটকল শ্রমিকদের সন্তানরা। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ব্যানার নিয়ে রাজপথে দাবি আদায়ে দেখা যায় শ্রমিকদের সন্তানদের।
প্রথমবারের মতো রাজপথে নেমেছে খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের সন্তানরা। জানা গেছে, তীব্র শীতকে উপেক্ষা করে বাবারা যখন দাবি আদায়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন তখন ঘরে বসে থাকতে পারেনি তারা।
সকালেই সন্তানদের নিয়ে রাস্তায় নেমে মিছিল করে পাটকল শ্রমিকরা। এসময় তারা ‘আমি শ্রমিকের সন্তান, আমার বাবা না খেয়ে মরতে বসেছে, আমার বাবাকে বাঁচাও’ বলে স্লোগান দেয়।
উল্লেখ্য, গত ১৫, ২২ ও ২৬ ডিসেম্বর তিন দফা বৈঠক হলেও তাতে কোনো সুফল পায়নি পাটকল শ্রমিকরা। সর্বশেষ ২৬ ডিসেম্বরের বৈঠকে মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ওই দিন ২৯ ডিসেম্বর দুপুর থেকে আবারও অনশন করার ঘোষণা দেন শ্রমিক নেতারা।
বার্তাবাজার/কেএ