প্রজাতন্ত্র দিবসের প্যারেড থেকে বাদ পড়লো বাংলার ট্যাবলো

মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি দ্বন্দ্ব নতুন মোড় নিতে চলেছে। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্যের ট্যাবলোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার কেন্দ্রের পক্ষে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘পশ্চিমবঙ্গ সরকার প্রস্তাবিত ট্যাবলোর প্রস্তাব দু’দফার বৈঠকে আলোচনা করেছে বিশেষজ্ঞ কমিটি। দ্বিতীয় বৈঠকের পর কমিটি পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো প্রস্তাব নিয়ে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

ষোলোটি রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চল এবং ছ’টি মন্ত্রণালয় ও দফতরের ট্যাবলোকে প্যারেডের জন্য বেছে নেওয়া হয়েছে। মোট ৫৬টি ট্যাবলোর প্রস্তাব দেওয়া হয়েছিল। ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন মন্ত্রক ও দফতর থেকে আরও ২৪টি প্রস্তাব ছিল। কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত সেখান থেকে ২২টিকে বেছে নিয়েছে বাছাই তালিকায়।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, বিশেষজ্ঞ কমিটি থিম, ডিজাইন, কনসেপ্ট ও দৃশ্যগত প্রভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। সময়ের অভাবজনিত কারণেই প্যারেডে ট্যাবলোর সংখ্যা সীমিত রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে পশ্চিমবঙ্গকে কিন্তু প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য বাছাই তালিকায় রাখা হয়েছিল।

এদিকে, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে নানা থিমের প্রস্তাব দিয়েছিলাম। এর মধ্যে জল সংরক্ষণের একটি মডেলও ছিল। আমরা আশা করেছিলাম, এটির সম্মতি দেওয়া হবে।’

রাজ্যের তৃণমূল কংগ্রেসে সরকারের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় সরকারের দ্বন্ধ বারবার প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালের লোকসভায় রাজ্যে বিজেপির অভ্যুত্থানের পর থেকে দুই দলের দ্বন্দ্ব আরও চরমে পৌঁছয়।

সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করেও দুই দলের চরম বিরোধের সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি হতে দেবেন না। বিজেপি একে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু তোষন নীতি হিসেবে বর্ণনা করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর