নারী ভক্তকে চড় মেরে ক্ষমা চাইলেন পোপ

বছরের প্রথম দিনেই উত্তেজিত হয়ে নারীভক্তকে চড় বসিয়েছেন ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। পরে অবশ্য ওই নারীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

ক্ষমা চেয়ে পোপ বলেন, আমরা অনেক সময়েই ধৈর্য হারিয়ে ফেলি। আর তা তার সঙ্গেও হয়েছে। আর তাই তিনি বুধবার রাতে যা ঘটেছে তার জন্য ক্ষমাপ্রার্থী।

এই ঘটনার আগেই তিনি নারীর ওপর হওয়া যেকোনো ধরনের হিংসার তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু তিনি নিজেই করলেন সেই কাজ। যার জেরেই উঠে সমালোচনার ঝড়।

বর্ষবরণের দিন সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হয়েছিলেন সব বয়সের মানুষ। পোপ ফ্রান্সিস তাদের শুভেচ্ছা জানাচ্ছিলেন হাত মিলিয়ে, আর দূরে থাকাদের হাত নাড়িয়ে। কিন্তু এক নারীকে কেন্দ্র করে যা ঘটেছে সেখানে, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন পোপ ফ্রান্সিস। হাত মেলাচ্ছেন সামনে দাঁড়িয়ে থাকা অনুগামীদের সঙ্গে। একটি বাচ্চার সঙ্গে হাত মেলানোর পরই সেখানে দাঁড়িয়ে থাকা এক নারী পোপের হাত টেনে নিয়ে চেপে ধরেন। কিছুতেই হাত ছাড়তে চাইছিলেন না তিনি। তখন ওই মহিলার হাতে পরপর দুবার চড় মারেন পোপ ফ্রান্সিস। তারপর হাত ছাড়াতে সমর্থ হন। এসময় পোপ ফ্রান্সিসকে বেশ উত্তেজিত দেখায়। যারপরই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সেই সমালোচনার জেরেই বৃহস্পতিবার নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন পোপ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর