ঘন কুয়াশা হলেই বন্ধ হয়ে যায় দেশের সব বিমানবন্দর!

ভিজিবিলিটি কম থাকায় শীত মৌসুমে ঘন কুয়াশায় শাহজালালসহ দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়। কখনো কখনো বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। অথচ ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা যন্ত্রের সহায়তায় অবতরণ পদ্ধতি ক্যাটাগরি টুতে উন্নয়ন প্রক্রিয়া ঝুলছে বছরের পর বছর। এতে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি আথির্কভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এয়ারলাইন্সগুলো। এজন্য সিভিল এভিয়েশনের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন খাত সংশ্লিস্টরা।

ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি কম থাকায় ডিসেম্বরের শেষ দিকে ৩ দিনে ১৩ ঘণ্টা পুরোপুরি বন্ধ ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ। এর মধ্যে ২৫ ডিসেম্বর রাত দেড়টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টা দেশের প্রধান এ বিমানবন্দরে কোনো উড়োজাহাজ চলেনি।

অথচ আইএলএস উন্নত হলে এর সহায়তায় কম ভিজিবিলিটিতেও অবতরণ করতে পারে উড়োজাহাজ। বর্তমানে শাহজালালসহ দেশের তিন বিমানবন্দরের আইএলএসর ক্যাটাগরি ১ এ থাকায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় প্রায়ই বিঘ্নিত হচ্ছে ফ্লাইট চলাচল। এতে শিডিউল বিপর্যয়ই শুধু নয়, যাত্রী দুভোর্গের পাশাপাশি অন্য দেশে উড়োজাহাজ অবতরণে বাধ্য হওয়ায় খরচ বাড়ছে এয়ারলাইন্সগুলোর। আইএলএস ক্যাটাগরি টু তে উন্নীত করতে ২০০৭ সালে একটি প্রকল্প নেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি এখনো।

এ প্রসঙ্গে রিজেন্টের সিইও আশিষ রায় চৌধুরী বলেন, কুয়াশার কারণে বিমান অন্য জায়গায় ল্যান্ডিং করতে হয়। এটা আমাদের জন্য একটা বাড়তি খরচ। এটার জন্য শিডিউল নষ্ট হচ্ছে। যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে।

আইএল এস ক্যাটাগরি ওয়ানে বিদ্যৎ চলে গেলে জেনারেটর দিয়ে পুনরায় চালু করতে ১০ থেকে ১৩ সেকেন্ড সময় লাগে। এক্ষেত্রে উড়োজাহাজ অবতরণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। আইএলএস ক্যাটাগরি টুতে উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

তিনি বলেন, ক্যাটাগরি টুতে উন্নয়নের কাজ চলছে। লাইটিং সিস্টেম ঠিক করা হচ্ছে।

ক্যাটাগরি টু হলে ৩০০ থেকে ৪০০ মিটার ভিজিবিলিটিতেও বিমান উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। উন্নত দেশের অধিকাংশ বিমানবন্দরের আইএলএস ক্যাটাগরি থ্রি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর