নতুন বই হাতেই মৃত্যু স্কুলছাত্রী রেশমার

চট্টগ্রামে নতুন বই হাতে নেয়া হল না স্কুলছাত্রী রেশমা আকতারের। পতেঙ্গা মিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমার (১০) প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক।

বুধবার বেলা ১১টার নতুন বইয়ের জন্য স্কুলে যাওয়ার পথে কাটগড় সি-বিচ রোডে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় রেশমা। চমেক হাসপাতালে নেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় ধুমপাড়া এলাকার শাহনূরের মেয়ে রেশমা। পুলিশ ঘাতক ট্রাকচালককে আটক করেছে।

রেশমার চাচা সাইফুল ইসলাম জানান, স্কুলে নতুন বই নিতে যাওয়ার পথে রেশমাকে সি-বিচ সড়কে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। পরে ওই ট্রাকচালক রেশমাকে একটি সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসক রেশমাকে মৃত ঘোষণা করেন। রেশমার মেরুদণ্ড এবং উরুতে আঘাত পেয়েছিল বলে জানান তিনি।

পতেঙ্গা থানার ওসি উৎপল কান্তি বড়ুয়া বলেন, রেশমা আকতার সকালে স্কুলে যাওয়ার সময় সড়কে থাকা একটি ট্রাক চালু করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে যায়। এতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর রেশমার মৃত্যু হয়। ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর