দুই হাত কেটে ফেললেও দমেনি মুক্তামনি, পেয়েছে জিপিএ-৫

১২ বছর বয়সে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত পুড়ে গেছে মুক্তামনির (১৫)। চিকিৎসকরা কনুই থেকে তার হাত দুটি কেটে ফেলেন। এরপরও ক্ষত ছড়িয়ে পড়ায় পুরোপুরি দুটো হাতই শরীর থেকে কেটে ফেলা হয় মুক্তামনির।

দুর্ঘটনার আগে মুক্তামনি সাভার পল্লীবিদ্যুৎ এলাকার একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো। ক্লাসে মেধা তালিকায় প্রথম ছিল সে। তবে ওই দুর্ঘটনাটি তার সব এলোমেলো করে দিয়েছে। অন্ধকার নেমে আসে মুক্তামনির জীবনে। তারপরও পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ তার। সেই আগ্রহ থেকেই কিছুটা সুস্থ হয়ে পা দিয়ে লেখা শুরু করে। এক পর্যায়ে পা দিয়ে লেখার অভ্যাস হয়ে যায়। এভাবে লিখেই বাজিমাত করেছে মুক্তামনি। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) জিপিএ-৫ পেয়ে সে তাক লাগিয়ে দিয়েছে।

মুক্তামনি বরিশালের হিজলা উপজেলার পূর্ব পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) দিয়ে এ সাফল্য পেয়েছে।

মুক্তামনি হিজলা উপজেলার পত্তণীভাঙ্গা গ্রামের সেন্টু সরদার ও ঝুমুর বেগমের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে। সেন্টু সরদার ৬ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ৩ বছর ধরে কোনো কাজ করতে পারেন না তিনি। সংসারের হাল ধরতে হয় স্ত্রী ঝুমুর বেগমকে। তিনি সাভার ইপিজেড এলাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। তার একার উপার্জনেই চলে ৪ জনের সংসার।

মুক্তামনির মা ঝুমুর বেগম জানান, স্বামী সেন্টু সরদার সাভারে যাত্রীবাহী বাসে হেলপারের কাজ করতেন। সেই সুবাদে তারা সাভারেই থাকতেন। অভাব অনটন থাকলেও সংসার জীবনে সুখ ছিল। কন্যা সন্তান মুক্তামনিকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তাদের।

কিন্তু হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। ৬ বছর আগে স্বামী সেন্টু সরদার বাসের নিচে চাপা পড়েন। এতে তার ডান পা ক্ষতিগ্রস্ত হয়। স্বামীর চিকিৎসা চালাতে অনেক খরচ হয়। ধার-দেনা হয় অনেক। কিছুটা ভেঙে পড়েন তিনি। ৩ জনের সংসার চালাতে চাকরি নেন গার্মেন্টস ফ্যাক্টরিতে। এরপর তিন বছরের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারায় মুক্তামনি।

ঝুমুর বেগম জানান, মুক্তামনির দুই হাত পুড়ে যায়। তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। মেয়ের চিকিৎসা চালাতে ভিটে-বাড়ির জমিটুকুও বিক্রি করে দিতে হয়েছিল। দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে মুক্তমনি। তবে তার দুই হাত হারাতে হয়।

ঝুমুর বেগম জানান, মেয়েকে হাসপতাল থেকে বাসায় নিয়ে আসি। সারাক্ষণ ওর দিকে খেয়াল রাখতে হয়। একা শৌচাগারে যেতে পারে না। কাজে না গেলে দুবেলা খাবার আসবে কীভাবে। এ কারণে মুক্তামনিকে হিজলায় তার দাদা-দাদির কাছে রেখে আসি।

ঝুমুর বেগম বলেন, মুক্তামনির শিশুকাল থেকেই পড়াশোনার প্রতি খুব ঝোঁক। হাত না থাকায় সে পা দিয়ে লিখতে শুরু করে। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে ভর্তি করা হয় হিজলা উপজেলার পূর্ব পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পা দিয়ে লিখেই তৃতীয় ও চতুর্থ শ্রেণির পরীক্ষায় প্রথম হয় মুক্তামনি। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ফল প্রকাশ হয়। জানতে পারি সে জিপিএ-৫ পেয়েছে। মুক্তামনির এ সাফল্যে খুশি হয়েও বর্তমানে চরম দুশ্চিন্তায় আছি।

ঝুমুর বেগম বলেন, অভাব-অনটনের টানাটানির সংসারে মেয়েকে পরীক্ষার সময় ভালো একটি জামাও কিনে দিতে পারিনি। সেই সক্ষমতাও ছিল না আমার। পড়াশোনার জন্য এ বয়সেই অনেক কষ্ট করেছে মুক্তামনি।

মুক্তামনি জানায়, পা দিয়ে লেখা শেখানোর মূলে তার মা। তার জন্য মা অনেক কষ্ট করেছেন। মায়ের কাছ থেকে এবং সাহায্য নিয়ে প্রায় সব কাজই করতে শিখেছে সে। মুক্তামনি পড়ালেখা শিখে শিক্ষকতা করতে চায়।

পূর্ব পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আবু হানিফ জানান, অভাব আর প্রতিবন্ধকতাকে জয় করে মুক্তামনি যে সাফল্য দেখিয়েছে, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। বিদ্যালয় থেকে এবার ১৪ জন পরীক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে মুক্তামনি পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছে। সে এখন ওই গ্রামের দৃষ্টান্ত।

শিক্ষক মো. আবু হানিফ জানান, মুক্তামনির উচ্চশিক্ষার জন্য বড় বাধা অর্থনৈতিক সংকট। এখন তার সহায়তা প্রয়োজন। সরকারিভাবে বা সমাজের কোনো বিত্তবান ব্যক্তি এগিয়ে এলে মুক্তামনির মতো শিক্ষার্থীরা আরও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর