বন্দর নগরী চট্টগ্রামের কর্মব্যস্ত মানুষের যাতায়াতে ব্যবহৃত শহর এলাকার বাস সমূহে যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সিএমপি’র পক্ষ হতে লাগানো হচ্ছে পুলিশ কন্ট্রোল রুমের নম্বরযুক্ত স্টিকার।
যাত্রী হয়রানি, ইভটিজিং ও যৌন নির্যাতন প্রতিরোধে বাসের ভেতরে নম্বরযুক্ত স্টিকার কার্যক্রম শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির এ কার্যক্রমে সহযোগিতা করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম শাখা
বুধবার (১ জানুয়ারি) সকালে লালদিঘীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ খান।
জনাব মোস্তাক আহমেদ বলেন, প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ নানান কাজে নানান এলাকায় বাসে যাতায়াত করেন। এর সুযোগে বাস চালক, হেল্পার সহ চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যরা যাত্রী হয়রানি, নারী নির্যাতন, ছিনতাই ও এমনকি খুনের মত জঘন্য অপরাধ ঘটিয়ে থাকে। যার বেশ কিছু প্রমাণ সম্প্রতি সময়ে দেখা গেছে। যথাযথ অভিযোগ ও অসচেতনতার দরুন এই ধরণের অপকর্ম দিন দিন বেড়েই চলেছে। তাই যাত্রী সাধারণের সুবিধার্থে যাতায়াতকালে যে কোন প্রকার অন্যায় অপরাধের অভিযোগ জানাবার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ ধরণের উদ্যোগ নিয়েছে।
যাত্রী হয়রানি ও অন্যায় অপরাধ প্রতিরোধে নতুন বছরের শুরুতে শহর এলাকার বাস সমূহে সিএমপি’র নাম্বার সম্বলিত স্টিকার লাগানোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মো.শহিদুল্লাহ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ)নাজমুল হাসান, সহকারী পুলিশ কমিশনার সুলতান মোহাম্মদ আলী খান, চট্টগ্রাম জেলা সড়ক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম রাসুল বাবুল,মেট্রোপলিটন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক অলি আহমেদ সহ বাস মালিক, বাস চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডব্লিও.এস