২০১৯ সালের ভোটারদের হালনাগাদের খসড়া তালিকা আগামী ২০ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসি সূত্র জানায়, এই খসড়া ভোটার তালিকা বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রকাশ হওয়ার কথা ছিল। ইসি তা সংশোধন করে আগামী ২০ জানুয়ারি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এ আদেশ নির্বাচন কমিশনের সর্বসম্মতিক্রমে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০১৯-এর হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা আগামী ২০ জানুয়ারি প্রকাশের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
সর্বসাধারণের অবগতির জন্য এটি স্থানীয়ভাবে প্রকাশ করতে হবে। ভোটার তালিকা বিধিমালা, ২০১২-এর বিধি ১৪ অনুযায়ী সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসাররা স্থানীয়ভাবে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকার সিডি সর্বসাধারণের পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট জ্যেষ্ঠ জেলা নির্বাচন কার্যালয়/জেলা নির্বাচন কার্যালয়, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড কর্মকর্তা/ক্যান্টনমেন্ট বোর্ড অথবা গুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোনো স্থান, সংশোধনকারী কর্তৃপক্ষের কার্যালয়ে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বার্তাবাজার/এমকে