সারাদেশে বই উৎসব

আনন্দমুখর আয়োজনে সারাদেশে উদযাপিত হলো বই উৎসব। বছরের প্রথম দিনেই বই পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। বই উৎসবকে কেন্দ্র করে বর্ণিল রঙে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

সিলেট
সিলেটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় বই উৎসব। বর্ণিল রঙে সাজিয়ে তোলা হয় নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এ সময় আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম
বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের খুদে শিক্ষার্থীরা। প্রাথমিক স্তরে ৪৮ লাখ ১৪ হাজার এবং মাধ্যমিক, ইবতেদায়ি ও দাখিল পর্যায়ে ১ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার বই বিতরণ করা হয়। বই উৎসবে জেলা প্রশাসকসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

রাজশাহী
বই উৎসবকে কেন্দ্র করে রাজশাহীর বিদ্যালয়গুলোতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে প্রাঙ্গণে ভিড় করে ক্ষুদে শিক্ষার্থীরা।

নতুন বই পেয়ে তাদের চোখেমুখে ছড়িয়ে পড়ে খুশির আমেজ।

ময়মনসিংহ
ময়মনসিংহে বই উৎসবে মাতে শিক্ষার্থীরা। বিভাগের ৪ জেলায় প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ২৯ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় নতুন বই। বছরের প্রথম দিনেই বই দেয়ায় সন্তোষ প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়া বরিশাল, খুলনা, রংপুরসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় বই উৎসব।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর