ভুলে ‘আবর্জনা’র সঙ্গেই ফেলে দিলেন ১৪ লাখ টাকা!

আবর্জনা ফেলতে কারই বা ভালো লাগে! তাই কোনও রকমে সেটি যথাস্থানে পৌঁছে দিতে পারলেই যেন শান্তি। কিন্তু পরের বার আপনিও সাবধান থাকুন, না হলে আবর্জনার সঙ্গে চলে যেতে পারে ধনসম্পদও।

ইংল্যান্ডের বার্নহ্যাম সৈকত এলাকায় এক দম্পতি তাদের মৃত আত্মীয়র বাড়িতে সাফাইয়ের কাজ করছিলেন। সেখানে তারা কিছু পুরনো বাক্স পান। কাজের কিছু নেই ভেবে সেগুলো রিসাইকেল সেন্টারে দিয়ে চলে আসেন।

রিসাইকেল সেন্টারের কর্মী সেগুলো মেশিনে তোলার আগে খুলে দেখেন। দেখতে পান তার মধ্যে রয়েছে ১৫ হাজার ইউরো যা ভারতীয় ১৪ লাখ টাকা। চাইলে হয়তো তিনি সেগুলো পকেটস্থ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে সেগুলো গচ্ছিত রেখে স্থানীয় অ্যাভন অ্যান্ড সামারসেট থানায় খবর দেন।

পুলিশ কর্মীরা সেখানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। যে গা়ড়িতে করে বাক্সগুলোর রিসাইকেল সেন্টারে পৌঁছে দেয়া হয়েছিল তার নম্বর প্লেট দেখে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাদের জানানো হয় বিষয়টি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতি জানিয়েছেন, যে বাড়ি থেকে তারা বাক্সগুলো পেয়েছিলেন, তার মালিক প্রায়ই এমন উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা লুকিয়ে রাখতেন। এ পুরনো, বাতিল বাক্সগুলোতে জিনিসপত্রের নিচে লুকিয়ে রেখেছিলেন এই বড় পরিমাণের অর্থ। এমনকি তারা জানতেও না এই আত্মীয়ের কাছে এত টাকা ছিল।

পুলিশ প্রাথমিক তদন্ত করার পর ওই টাকা দম্পতির হাতে তুলে দেয়। সেই সঙ্গে রিসাইকেল সেন্টারের কর্মীরও প্রশংসা করেছেন সততার জন্য। আর জনগণকে সচেতন করেছেন-এমন আবর্জনা, পুরনো জিনিস ফেলার আগে একবার অন্তত দেখে নেয়া, দামি কিছু রয়ে গেল কিনা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর