শরীয়তপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাতেমা আক্তার (১৪) নামে এক ছাত্রী। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।
আজ প্রকাশিত জেএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করে ফাতেমা। সে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মিত্রসেনপট্টি গ্রামের মোস্তফা খাঁ ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
এবার ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ফাতেমা। জেএসসি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৪০৫৪৩৯। ফাতেমার বাবা মোস্তফা খাঁ বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে ফাতেমা বড়। শুধুমাত্র একটি বিষয়ে ফেল করায় আমার আদরের মেয়েটা আত্মহত্যা করলো। আমরা কেউ তাকে কিছুই বলিনি।’
এ বিষয়ে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘স্কুলছাত্রী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গত বছরও জেএসসিতে একই বিষয়ে ফেল করেছিল।’
বার্তাবাজার/কেএ