ভারতের সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে রাখলেন জেনারেল এম এম নারাভানে। পাকিস্তানকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ উল্লেখ করে তিনি দাবি করেছেন দেশটিতে হামলা চালানোর পূর্ণ অধিকার ভারতের আছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন সেন প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবাদসংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। খবর আনন্দবাজারের।
সাক্ষাৎকারে পাকিস্তানকে বিশ্ব সন্ত্রাসের মদতদাতা হিসেবে কটাক্ষ করেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। তিনি বলেন, জঙ্গি দমনের কৌশল আমাদের জানা। কিন্তু রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদতে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত।
মনোজ মুকুন্দ নারাভানে বলেন, আমার প্রথম কাজ হবে, বাহিনীকে এমন ভাবে প্রস্তুত করা যাতে যে কোনও শত্রুকে ওরা সহজেই দমন করতে পারে।
মনোজ মুকুন্দ নারাভানে গত সেপ্টেম্বরে বাহিনীর উপ-প্রধান পদে যোগ দিয়েছিলেন। সে সময় তিনি বর্তমান সিডিএস বিপিন রাওয়াতের ডেপুটি ছিলেন। তার আগে ইস্টার্ন কমান্ডের প্রধান পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
পাকিস্তানের প্রতি কড়া মনোভাব দেখিয়ে তিনি বলেন, মদতপুষ্ট সন্ত্রাসবাদ দমনে আমাদের পর্যাপ্ত কৌশল আছে। যদি পাকিস্তান সেই কাজ বন্ধ না করে, তাহলে সন্ত্রাসবাদ দমনে ওদের ওপর হামলা চালানোরও পূর্ণ অধিকার আমাদের আছে।
বার্তাবাজার/এমকে