হাত দিয়েই রাস্তার ঢালাই টেনে তুলছে জনগণ

ভোলার দৌলতখান পৌরসভার পশু হাসপাতাল মোড় থেকে ভবানীপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১.৮ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তায় ব্যবহৃত পাথরে পিচ ঢালাই না থাকায় তা হাত দিয়েই টেনে তুলছে জনগণ।

এ ঘটনায় স্থানীয় জনগণের তোপের মুখে পড়েছে নির্মাণ কাজের ঠিকাদার ফরিদ উদ্দিনের লোকজন। খবর পেয়ে পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় জনগণের অভিযোগ, রাস্তার কার্পেটিংয়ের কাজ অত্যন্ত নিম্নমানের। নির্মাণ কাজে ব্যবহৃত পাথরে পিচ নেই বললেই চলে। সড়কে পিচঢালাই দেওয়ার দুই দিন পার হতে না হতেই রিক্সার চাকায় বেধে উঠে আসছে কার্পেটিং।

মেঠোপথের মাটির উপরেই করা হয়েছে কার্পেটিং এর কাজ। আরও অভিযোগ পাওয়া গেছে, তড়িঘড়ি করে রাতের আধাঁরে ঠিকাদার প্রতিষ্ঠানটি তাদের কাজ সম্পন্ন করেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দৌলতখান পৌরসভার পশুহাসপাতাল মোড় থেকে ভবানীপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১.৮ কিলোমিটার সড়কে পাথরের পিচে তেমন কার্পেটিং নেই। কিছু কিছু স্থানের কার্পেটিং হাতের টানেই উঠে যাচ্ছে।

স্থানীয় জনগণ হাত দিয়ে রাস্তার পিচ তুলে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে ভাইরাল হয়ে যায়। এ ছাড়া দিনে ওই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদও করছেন স্থানীয়রা।

বর্তমানে সড়ক নির্মাণ করার কোনো সরাঞ্জাম নেই দৌলতখানে। এ ছাড়া ওই সড়কের কাজটিও সমাপ্ত। বিষয়টি নিয়ে দৌলতখান পৌরসভার প্রকৌশলী রাসেলের সঙ্গে কথা বলে জানা গেছে, সিটিইআইপি প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে দৌলতখান পৌরসভার পশুহাসপাতাল মোড় থেকে ভবানীপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা চুক্তি মূল্যে ড্রেনসহ ১.৮ কি.মি. রাস্তা নির্মাণের কাজ পান ফরিদ উদ্দিন (ঠিকাদার)।

রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়টি তিনি ছুটিতে থাকায় জানতে পারেননি। তবে সড়কের কাজ চলমান রয়েছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। দৌলতখানে সড়ক নির্মাণের কোনো সরাঞ্জম আছে কি না জানতে চাইলে রাসেল বলেন, ‘এটা আমি জানি না।’ এ সময় অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি জানান, রাস্তার কাজের মান ভালো না হলে বিল দেওয়া হবে না।

এ বিষয়ে পৌর মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, ‘রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি যেহেতু টেকনিক্যেল আমি ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

বিষয়টি নিয়ে ঠিকাদার ফরিদ উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘একটি কুচক্র মহল আমার সুনাম নষ্ট করার জন্য রাস্তা থেকে পিচ টেনে তুলছে।’ রাস্তার কাজটি চলমান আছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর