ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধিনে প্রথমবারের মত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুই বিভাগেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করেন শিক্ষা বোর্ড।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলামের দেয়া তখ্য মতে বোর্ডের অধিনে প্রথমবারের মত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয় ১ লক্ষ ৬১ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৮০ হাজার ১০ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৬৯ হাজার ১৯৬ জন, পাসের হার ৮৬.৪৮। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০৪ জন। অপরদিকে ৮১ হাজার ৩৪৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৭১ হাজার ৫২১ জন, পাসের হার ৮৭.৯২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯৯ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে শেরপুর জেলা। এ জেলা থেকে ১৯ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯৭০ জন। পাসের হার ৯০.০৫ শতাংশ। এছাড়াও জামালপুর জেলা থেকে ৩৮ হাজার ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ২০১ জন, পাসের হার ৮৯.৫২ শতাংশ। ময়মনসিংহ জেলা থেকে ৭২ হাজার ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৯৯১ জন, পাসের হার ৮৫.৮৪ শতাংশ। নেত্রকোনা জেলা থেকে অংশ নেয়া ৩১ হাজার ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার ৬২৭ জন, পাসের হার ৮৫.৭১ শতাংশ। এদিকে একটি স্কুল থেকে ৩ জন পরীক্ষার্থী ছিল, তাদের কেউ পাস করেনি।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৪৮৪ টি বিদ্যালয়ের ১ লাখ ৬১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। পাসকৃত ১ লাখ ৪০ হাজার ৭১৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে পাসের হার ৮৭.২১ শতাংশ এবং জিপিএ-৫ ২.৪২ শতাংশ।
বার্তাবাজার/এইচ.আর