দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা কর্তৃক সাতক্ষীরার দেবহাটা (শ্যামনগরের অতিরিক্ত দায়িত্ব) সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জি (৩২) কে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার করেছে। সোমবার রাত পৌনে নয়টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগানের ভাড়া বাসা (ডা: সাজ্জাদুর রহমানের বাড়ি) থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামের বিকাশ মুখার্জীর ছেলে।
দূর্ণীতি দমন কমিশনের খুলনার সহকারি উপ-পরিচালক নীল কমল পাল জানান, সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জী দেবহাটার সাবরিজিষ্ট্রি অফিসের দায়িত্বে থাকলেও শ্যামনগরের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন তিনি।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এইচ এম গোলাম রেজার এক একর দু’শতক জমি ক্রয় করেন। উক্ত জমির রেজিষ্ট্রি করে দেওয়ার জন্য তার ভাগ্নে শফিকুল ইসলামের কাছে সাব রেজিস্ট্রার টাকা দাবি করেন। তার দাবি মোতাবেক প্রথম পর্বে এক লাখ টাকাসহ সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী তার ভাড়াবাসা ডাঃ সাজ্জাতের বাড়িতে গিয়ে টাকা দেন।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে ওত পেতে থাকা দুদকের উপ-পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে সহ:পরিচালক তরুণ কান্তি ঘোষ, উপ-সহকারী পরিচালক নীল কমল পাল, ফয়সাল কাদের ও সহ পরিদর্শক শ্যামল চন্দ্র সেনসহ দুদকের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতে নাতে ঘুষের এক লাখ টাকাসহ পার্থে গ্রেফতার করেন।
তিনি আরো জানান, পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এইচ.আর