কোটি টাকার গাছ কেটে সাবাড়

কোনো অনুমতি বা টেন্ডার ছাড়াই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড’র কোটি টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে। উপজেলার মুড়াগাছা হয়ে দেউভোগের মধ্যদিয়ে মেহমানসাহী এলাকা পর্যন্ত প্রায় ১৭.৪৫০ কিলোমিটার মরা করতোয়া নদীর পাড় ঘেঁষে দু’পাড়ের ১৫ থেকে ২০ বছরের পুরনো ইউক্যালিপটাস ও মেহগনি গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছ কেটে নিয়েছেন এলাকার প্রভাবশালীরা।

স্থানীয়দের ধারণা গাছ গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে পাউবো রায়গঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত মরা করতোয়া নদীটি পুনঃখননের জন্য ৭ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ১৯২ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে দরপত্র আহ্বান করে।

পরে বিজয়নগর ঢাকার মেসাস লিয়াকত আলী এন্টারপ্রাইজ ৬ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ৮৭৩ টাকা চুক্তিতে কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান চলতি ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে খননের কাজটি শুরু করেছে। ২০২০ সালের ৩০ জুনের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বও ১৯) ঘুড়কা ইউনিয়নের হাট ইচলা মরা করতোয়া নদীর পূর্ব পাড়ের তেবাখাল নামক স্থানে গিয়ে দেখা যায় যে কিছু শ্রমিক প্রায় শতাধিক গাছ কাটছেন এবং কাটা গাছগুলো বিক্রি করে নসিমন বোঝাই করে অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন ইয়াসিন নামক ব্যক্তি। গাছ গুলো কেটে নেয়া হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, গাছ গুলো পানি উন্নয়ন বোর্ডের জায়গায়। নদী পুনঃখনন প্রকল্পের খনন কাজ শুরু হওয়ায় গাছ গুলো তড়িঘড়ি করে কেটে নিচ্ছি।

ওই এলাকার হৃদয় নাথ সরকার, নিরন্দ নাথ রায় ও আব্দুল আলিম বলেন এ চিত্র শুধু তেবাখাল নয় মুড়াগাছা হয়ে দেউভোগের মধ্যে দিয়ে মেহমানসাহী এলাকা (১৭. ৪৫০ কিলোমিটার) পর্যন্ত। সবাই খনন কাজ শুরু হয়েছে বলে গাছ গুলো কেটে নিচ্ছে। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম আলতাফ হোসেন বলেন, করতোয়া নদীর জায়গা পানি উন্নয়ন বোর্ডের। এ জায়গায় রোপনকৃত গাছ কাটতে হলে অবশ্যই নিয়মনীতি মেনে কাটতে হবে। তবে এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড’র (পাউবো) জেলা নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, এমন অভিযোগ আমি পাইনি, তবে শুনেছি যে কিছু জমির মালিক তাদের গাছ গুলো কেটে নিচ্ছে। তবে বেআইনী ভাবে গাছ কাটা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর